Wednesday, April 30, 2014

১৬.০৪.২০১৩ (১লা বৈশাখ, ১৪২০)

আমাদের ডিপার্টমেন্টের সামনের নেসকাফের দোকানটিতে বসে একজন প্রফেসর একটা কথা বলেছিলেন -- "A man gets promoted to his level of incompetence." অর্থাৎ একজন ব্যক্তি যতদিন নিজের কর্মক্ষেত্রে দক্ষতার পরিচয় দিতে পারবেন ততোদিন ওনার পদোন্নতি হতে থাকবে, এবং যখন সেই ব্যক্তির আর পদোন্নতি হবে না তখন বুঝতে হবে যে উনি নিজের বর্তমান পদের যোগ্য নন।

(এখনই পরিষ্কার করে দিই, প্রফেসরের এই বক্তব্যটি কিন্তু কারুর সম্বন্ধে মন্তব্য ছিল না।)

আপনারা কি ওনার বক্তব্যের সাথে একমত?

Tuesday, April 29, 2014

"God has blessed us with a beautiful baby. To celebrate the occassion, sweets are kept at my desk. Please join."
এই ইমেলটি পড়ে অফিসের এক কলিগ সদ্য হওয়া বাবাকে অভিবাদন জানাতে গেছে। এদিকে "Congratulations" শব্দটা সেই মুহুর্তে কিছুতেই মনে পড়ছে না। তাই উনি করমর্দন করে বললেন "Well done"।

Monday, April 28, 2014

খড়্গপুর থেকে হাওড়াগামী লোকাল ট্রেন। ভীষণ ভীঁড়। এরই মধ্যে এক ব্যক্তির সুটকেসের কোনায় লেগে আরেক ব্যক্তির প্যান্টের অল্প খানিকটা ছিঁড়ে যায়। প্রথম ব্যক্তি রেগে গিয়ে বলেন - "আপনি আমার ৯০০ টাকা দামের প্যান্টটা ছিঁড়ে দিলেন? এখন এই প্যান্ট পরে কোথাও যাই কি করে?" অপর ব্যক্তি নিজের এই অনিচ্ছাকৃত ভুলের জন্য বারবার ক্ষমা চাওয়ার পরেও আগেরজন নিজের "দামী" প্যান্টের এত বড়ো ক্ষতি করে দেওয়ার জন্য একই কথা বারবার বলতে থাকেন।
পাশে কয়েকজন লোক এই ভীঁড় ট্রেনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়েই তাস খেলছিল। তাদের একজন হঠাৎ পকেট থেকে একটা ১০০০ টাকার নোট বার করে বলে ওঠেন - "আমি আপনাকে হাজার টাকা দিচ্ছি, ওই প্যান্ট পরে যখন আপনি কোথাও যেতেই পারছেন না তখন ওটা আমাকে দিয়েই দিন।" ওনাকে বারবার এই একই অনুরোধ করাতে যেই ব্যক্তির প্যান্ট ছিঁড়ে গেছে, উনি হাওড়ার জায়গায় সাঁকরাইলেই নেমে গেলেন।

Sunday, April 27, 2014

আমার সেই রুমমেটেরই আরেকটি ঘটনা।

একদিন সকালে উঠে নিশ্বাস নিতে অসুবিধে হচ্ছে দেখে সে বাকি রুমমেটদের সামনে প্রতিজ্ঞা করে বসলো যে আর জীবনে সিগারেট খাবে না। সেইদিনই বিকেলে রুমে ফিরে দেখি সে ঘরের মধ্যে দাঁড়িয়ে ঘামতে ঘামতে সিগারেট খাচ্ছে। আমাকে দেখে একটু ইতস্তত করে বললো - "বুঝলে, সিগারেট একেবারে না খেয়ে থাকতে পারলাম না। তাই ঠিক করেছি দিনে একটা করে খাবো।" এ ছেলে যে এক কথায় সিগারেট ছেড়ে দেবে সেটা আমি কখনোই ভাবিনি, তবে অবাক হয়ে জিগ্যেস করলাম - "সে তো বুঝলাম, কিন্তু এতো ঘেমেও ফ্যানটা চালাওনি কেন?" সে করুণ মুখ করে বললো - "দিনে একটা সিগারেট খাব, সেটাও যদি ফ্যানের হাওয়ায় তাড়াতাড়ি ফুরিয়ে যায়?"

Saturday, April 26, 2014

আমার এক রুমমেটের সাথে এই ঘটনাটি ঘটেছিল।

সে আর তার বাবা একসাথে বসে মীরাক্কেল দেখছে। একজন প্রতিযোগী একটি নন-ভেজ জোক বলেছে। বাবা-ছেলে দুজনেরই খুব হাসি পেয়েছে কিন্তু একে অপরের সামনে হাসতে পারছে না। ইতিমধ্যে প্রতিযোগী আরেকটি জোক বলেছে - যেটা নিতান্তই সাদামাটা। কিন্তু এই জোক শুনেই বাবা-ছেলে হো হো করে হেসে উঠলো।পরে এই ঘটনাটির বিবৃতি দেওয়ার সময় আমার রুমমেট একান্তে স্বীকার করেছিলো যে দুজনেই হাসতে হাসতে বুঝতে পারছিলো যে আগের জোকের হাসিটা এই সুযোগে দুজনেই বের করে দিচ্ছে। 

এই গল্পে রুমমেটের নামটি ইচ্ছে করেই গোপন রাখা হলো।