Thursday, September 27, 2018

স্ত্রী: দেখেছো আমি কেমন নীল টপের সাথে ম্যাচ করে চোখের উপর নীল আই শ্যাডো লাগিয়েছি? ভাল্লাগছে না দেখতে?
স্বামী: বাহ্, খুব সুন্দর লাগছে।
স্ত্রী: সত্যি সুন্দর লাগছে! (একটু থেমে) আচ্ছা, তুমি কি ফ্যাশনের কিছু বোঝো? এই যে তুমি এই কালো টি-শার্টটা পরেছো -- ওটা দেখে তো মনে হয় না কিছু বোঝো বলে।
স্বামী: কেন, আমিও তো এটা ম্যাচ করে পরেছি?
স্ত্রী: তাই? কিসের সাথে শুনি?
স্বামী: চোখের নিচের কালির সাথে।

Tuesday, September 25, 2018

লাঞ্চ করতে করতে ম্যানেজার প্রশ্ন করলেন রাশিয়ানরা যেমনি গণিতশাস্ত্রের জন্যে জগৎখ্যাত, জার্মানরা অটোমোবাইল সংক্রান্ত বিষয়ে বিশ্বসেরা সেরকম ভারতীয়দের কি বিষয়ে শ্রেষ্ঠ বলা যেতে পারে? এই প্রশ্ন শুনে আমার মাথায় যে উত্তরটা আসে তা হলো: জুগাড়! অর্থাৎ যে কোনো সমস্যার ক্ষেত্রে ভারতীয়রা কিছু একটা ফন্দি-ফিকির লাগিয়ে এদিক সেদিক হাতড়ে সেই সমস্যার সমাধান বার করতে সুপটু। অনেক সময়েই এই সমাধানগুলো পূর্ব পরিচিত সমাধানের চেয়ে সাশ্রয়ী হয় -- ইংরেজিতে যাকে "frugal solution" বলে।
কিছুদিন আগে আমাদের এপার্টমেন্টে ডেলিভারি পার্সনরা এসে লিফ্টে উঠে লিফ্টের দেওয়ালে স্ক্রাচ করে দিচ্ছিলো। সংসারে এরকম অনেকেই আছে যারা অকারণে কাঠি করতে ভালোবাসে। তাই তাদেরকে এই ধ্বংসলীলা থেকে বিরত করার জন্যে আবাসনের কেও কেও প্রস্তাব দিলো লিফ্টে ক্যামেরা লাগাতে -- সেই ক্যামেরা কাজ না করলেও চলবে, ক্যামেরা দেখলেই এই সমস্ত ডেলিভারি করতে আসা লোকরা ভয় পেয়ে কিছু করবে না। সম্প্রতি দেখলাম ক্যামেরা না লাগিয়ে আমাদের বিল্ডিংয়ের সেক্রেটারি লিফ্টের বাইরে শুধু স্টিকার লাগিয়েছে: "This place is under CCTV surveillance!" সিকিউরিটি গার্ডদের কাছে খোঁজ নিয়ে জানলাম তাতেই ওষুধ ধরেছে -- ওই স্টিকার লাগাবার পর থেকে আর কেও লিফ্টে উঠে কোনোরকম ক্ষতি কিছু করেনি।
এই প্রসঙ্গে আরেকটা ঘটনা মনে পড়লো। আইআইটি খড়্গপুরের সিনিয়র শৌর্যদা যখন এক খ্যাতনামা IT কোম্পানিতে কাজ করতো তখন এক নতুন প্রজেক্টে জয়েন করে দেখে সেই প্রজেক্টে আগে যে কাজ করতো সে কোথার একটা কোড কপি করেছে যেটা সঠিক কাজ করে কিন্তু কেন কাজ করে সেটা সেই ব্যক্তি বুঝে উঠতে পারেনি তাই সে সেই কোডের কমেন্টে লিখে রেখেছে: জুগাড়!