Sunday, October 26, 2014

"এক পয়সার পুজো" -- এ নামেই নাকি একসময় খ্যাত ছিল খড়গপুরের কালী পুজো যেটি বর্তমানে আইআইটির ভিতর অনুষ্ঠিত হয়। মাথাপিছু মাত্র এক পয়সা চাঁদা নিয়ে নাকি এই পুজোর আয়োজন করা হতো সে সময়। এখন দিন পালটেছে, চাঁদা অনেক বেড়েছে তবে তার সাথে পাল্লা দিয়ে অনেক বেশি বেড়েছে দেবীর প্রতিপত্তি -- কালী পুজোর পরের দিন খিচুড়ি ভোগ খেতে যা লোকজন সমাগম হয়, দেখে তো আমার মনে হয় এদিন বুঝি খড়গপুরে কারো বাড়িতে উনুন জ্বলে না।   (Source: পার্থদা)

********************************

এক জমিদার বাড়িতে এককালে খুব ধুমধাম করে কালীপুজো করা হতো। দেবীর প্রসাদে পাঁঠার মাংস থাকাটা নাকি বাধ্যতামূলক, তাই প্রচুর পাঁঠাবলি দেওয়া হতো। তবে কয়েকবছর পর এলাহি আয়োজনে খানিকটা ভাঁটা পড়ে, আগের মতো পাঁঠাবলি দেওয়ার রেওয়াজটা উঠে যায়। ভাবছেন বুঝি জমিদারের রোজগারে ইতিমধ্যে মন্দা দেখা দিয়েছে -- উঁহু, আসলে ইতিমধ্যে জমিদারবাবুর দাঁত পড়ে গেছে, আগের মতো আর হাড় চিবোতে পারেন না।   (Source: শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত)

Monday, October 20, 2014

"রামধনু" সিনেমার হিরো লালটু বাবু ক্লাস ফাইভ থেকে A, B, C, D পড়ার ফলে বর্তমানে ওনার ইংলিশে তথৈবচ অবস্থা দেখে একটা জিনিষ মনে হলো:
আচ্ছা, এই কারণেই কি স্কুলে বাংলা পরীক্ষার প্রশ্নপত্রে "সার্থক" বাক্য রচনা করার নির্দেশ দেওয়া হলেও ইংলিশের ক্ষেত্রে কিন্তু স্রেফ Make sentence এটুকুই লেখা থাকতো -- কারণ ওটুকুতেই স্যারেরা খুশি; Make "ideal" sentence এধরনের নির্দেশ কখনো দেখিনি।

Thursday, October 16, 2014

ক্ষনিকের ভ্রম

লোকাল ট্রেনে করে বাড়ি ফিরছি। পিছন থেকে শুনতে পেলাম হকারের গলা: "একশো কুড়ি, দুশো চল্লিশ, তিনশো পঞ্চাশ !"
"বাবা, লোকাল ট্রেনে একশো কুড়ি, দুশো চল্লিশ, তিনশো পঞ্চাশ -- এতো দামি আবার কি মাল উঠলো ?" এই ভেবে উঠে দাঁড়িয়ে পিছন ঘুরে দেখি হকার শোন পাঁপড়ি বিক্রি করছে -- একশো গ্রাম কুড়ি টাকা, দুশো গ্রাম চল্লিশ টাকা আর তিনশো গ্রাম কিনলে কিঞ্চিৎ ছাড় সহযোগে দাম মাত্র পঞ্চাশ টাকা।
নিশ্চিন্ত হয়ে আবার নিজের সিটে বসে পড়লাম।

Thursday, October 9, 2014

দিব্যেন্দু: পর্ব ১০

দিব্যেন্দু তখন স্কুলে পড়ে। একদিন টিফিনের সময় দিব্যেন্দু ক্লাসে হৈচৈ করছে। ইতিমধ্যে টিফিন শেষের ঘন্টা পড়ে গেছে, স্যার ক্লাসেও এসে গেছেন -- কিন্তু দিব্যেন্দুর সেদিকে হুঁশ নেই, সে নিজের খেয়ালে তখনো কথা বলে যাচ্ছে।
স্যার: "দেখবি ! বের করে দেব।"
দিব্যেন্দু: "কি বের করে দেখাবেন, স্যার ? প্লিজ, দেখান না !"
স্যার চুপ।

Tuesday, October 7, 2014

-- "টাকাগুলো খরচা করতে তোর অসুবিধে কোথায় ? এগুলো তো তোর টাকা নয়, তোর বাবার টাকা !"
-- "বাবার টাকা তো কি হয়েছে ? থাকলে, আমারই থাকবে।"