Sunday, September 20, 2015

অল্প অল্প ক্ষিদে পেয়েছে। এদিক ওদিক তাকাতে তাকাতে রাস্তা দিয়ে হাঁটছি -- যদি কোনো ছোটখাটো খাবারের দোকান চোখে পড়ে যায়।
হঠাৎ দেখি এক ভুট্টাওয়ালা একটি ছোট ছেলেকে মারতে উদ্যত। এদেরকে আমি প্রতিদিনই ঠেলাগাড়িতে করে ভুট্টা বিক্রি করতে দেখি। বাচ্ছা ছেলেটি ভুট্টাওয়ালার শাগরেদ, ভুট্টাগুলো প্রয়োজনমতো পুড়ে গেলে পর উপরে লেবু আরে সবুজ রঙের চাটনি মাখিয়ে খরিদ্দারদেরকে দেয়; কেউ ভুট্টা সেদ্ধ চাইলে নুন ছড়িয়ে পরিবেশন করে। (এই ভুট্টা সেদ্ধ জিনিষটিও খেতে বেশ, বেঙ্গালুরুতে বিক্রি হলেও পশ্চিমবঙ্গে কেন বিক্রি হয় না কে জানে? বাংলার ভুট্টাওয়ালাদের অবিলম্বে এই সুস্বাদু খাবারটি প্রবর্তন করা উচিৎ।) বাচ্ছাটি অল্পস্বল্প ইংরেজিও জানে -- টেন, হানড্রেড -- এই শব্দগুলি তাকে উচ্চারণ করতে শুনেছি, ভুট্টাওয়ালার সঙ্গে ক্রেতাদের কথাবার্তার সময়েও সে সাহায্য করে থাকে।
আমি তাড়াতাড়ি গিয়ে একটা ভুট্টার অর্ডার দিই। আমাকে দেখে ভুট্টাওয়ালাটি নিজেকে সংযত করে। পেট পুজোর সাথে খানিক পুণ্যার্জনও হয়ে গেল।