Thursday, July 23, 2015

বুকের বোতাম খোলা -- কেত্।
পেটের বোতাম খোলা -- সংকেত: ভুঁড়ি বেড়ে যাচ্ছে।

Sunday, July 19, 2015

কলেজে মেকানিক্সের মৌখিক পরীক্ষা চলছে। দুজন ছাত্র কোনো প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারছে না। এদিকে স্যারেরও তাদেরকে ফেল করিয়ে দেওয়ার ইচ্ছে নেই। অবশেষে তিনি একটা ভাল্ভের (valve-এর) ছবি দেখিয়ে ছাত্র দুটিকে জিজ্ঞেস করলেন বস্তুটি কি। এতক্ষণে এক ছাত্র "ভাল্ভ" -- এই সঠিক উত্তরটি দিতে পারে। স্যার আশান্বিত হয়ে তাকে দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞেস করেন যে ভাল্ভটি কোন দিকে খোলে। ছাত্রটি খানিক ভেবে উত্তর দেয়: "উপরের দিকে।" স্যার হতাশ হয়ে অন্য ছাত্রটিকে একই প্রশ্ন করেন। স্যারের হতাশ চেহারা দেখে দ্বিতীয় ছাত্রটি চটজলদি উত্তর দেয়: "নিচের দিকে।" দুজনকেই ভুল উত্তর দিতে শুনে স্যার রীতিমতো ভেঙ্গে পড়েন। এক্ষণে প্রথম ছাত্রটি সাহস করে আরেকবার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করে বলে: "স্যার, আমার মনে হয় ওটা উপর নীচ দুদিকেই খোলে।" স্যার এবার রেগে চেঁচিয়ে উঠে বলেন: "হ্যাঁ, ওটা তো ভাল্ভ নয় -- ওটা লুঙ্গি -- উপর নীচ দুদিকেই খোলা যায়।"

Sunday, July 5, 2015

একটা সমাপতনের উদাহরণ দিই।
বাবার বদলির চাকরি হওয়ার কারণে স্কুলে পড়াকালীন আমি CBSE, ICSE এবং West Bengal -- এই তিনটি বোর্ডেই পড়াশুনা করেছি। ICSE-তে ক্লাস টেন-এ শরৎচন্দ্রের "মহেশ" গল্পটি পড়েছি, আবার সেই গল্পটাই West Bengal বোর্ডে ক্লাস টুয়েলভে পড়তে হয়েছে। এর চেয়েও অবাক হয়েছি ও. হেনরির লেখা "The Gift of the Magi" গল্পটা CBSE-তে ক্লাস সিক্সে, ICSE-তে ক্লাস টেনে এবং West Bengal বোর্ডে ক্লাস টুয়েলভে পড়তে হওয়ায়।

Saturday, July 4, 2015

প্রশ্ন: বলুন তো, একজন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার কোথায় গিয়ে কোড লিখলে সেই কোডে কোনো ভুল থাকবে না?
উত্তর: বাগনান। বুঝলেন না? Bug none! 

Thursday, July 2, 2015

লেখক: পর্ব ৪

স্বামী বিবেকানন্দ বলে গেছেন: "জগতে যখন এসেছিস, তখন একটা দাগ রেখে যা ...।"
আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র, কাজেই স্বামীজীর বাণীই আমার পাথেয়। তাই দাগ আমি রেখেছি, তাও আবার খোদ রামকৃষ্ণ মিশনের বুকেই।
তখন আমার তিন বছর বয়স। বাঁকুড়া রামকৃষ্ণ মিশনে ঢুকে বাঁদিকে সে সময় একটা পুকুর পড়তো। পুকুরে মাছ ঘুরে বেড়াচ্ছে দেখে হঠাৎ শৈশবের খেয়ালে মাছ ধরার উদ্দেশ্যে পুকুরে নেমে পড়ি। পুকুরে নামি বলতে ঘাটের শেষ ধাপে নেমে দাঁড়িয়ে পড়ি। শেষ ধাপটা অবশ্য জলের স্তরের সামান্য নীচে ছিলো। তিন বছরের শিশুর কাছে সেটাই হাঁটু জল। এদিকে আমাকে পুকুরে নামতে দেখে দাদা ছুটে গিয়ে দাদুকে ডেকে নিয়ে আসে। দাদু এসে আমাকে জল থেকে তোলে। কোনো বিপদ ঘটার আগেই আমি রক্ষা পাই। কিন্তু সেই থেকে নিরাপত্তার জন্যে বাঁকুড়া রামকৃষ্ণ মিশনের পুকুরের সামনে রেলিং বসানো হয়েছে। তাতে নোটিশ ঝোলানো হয়েছে: "বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ।"
সেই পুকুর, রেলিং, নোটিশ বোর্ড -- সব আজও আছে, আমার এই সহজাত বিবেকানন্দানুরাগের ঘটনাটি বিশ্বাস না হলে বাঁকুড়া রামকৃষ্ণ মিশনে গিয়ে স্বচক্ষে দেখে আসুন।