Monday, April 24, 2017

রান্নার জাদুকর:

ইদানীং বাড়িতে রান্না করছি। রান্না করতে গিয়ে মাঝে মাঝেই ছড়িয়ে ফেলছি। তবে কোনো প্রকারে ব্যাপারটাকে ম্যানেজও করে ফেলছি। যেমন ধরুন ডিম ভাজতে গিয়ে ডিমটাকে ভেঙে ফেললে সেটাকে ডিম ভুরজি বলে চালিয়ে দিচ্ছি।একবার তো পোস্ত রাঁধার সব আয়োজন শেষ করে দেখি ঘরে পোস্ত ফুরিয়ে গেছে। তখন তরকারিটাকে আলু চচ্চড়ি বলে চালিয়ে দিলাম।মানে এভাবে সববারই ছড়িয়ে ফেলার পরও শেষ পর্যন্ত রন্ধন কার্যকে কিছু না কিছু করে সামাল দিতে পেরেছি। অ্যাদ্দুর পড়ে যারা ভাবছেন এই লেখার নামকরণে "জাদুকর" শব্দটি কেন ব্যবহার করেছি তাদের জন্যে জাদুর সম্রাট পি সি সরকারকে নিয়ে একটা কানে শোনা গল্প পেশ করছি (অর্থাৎ গল্পের যথার্থতা সম্পর্কে আমাকে দয়া করে জিজ্ঞেস করবেন না -- আমি কোনো প্রমান তথ্যাদি জোগাড় করতে পারবো না)।

পি সি সরকার একটি প্রেক্ষাগৃহে এক মাস যাবৎ শো করে আসছেন। এক যুবক প্রত্যেক দিন প্রথম সারিতে বসে তার শো দেখতো। এক মাস পর সে পি সি সরকারের বাড়ি গিয়ে জানায় যে সে জাদুকরের সমস্ত কারসাজি খুঁটিয়ে দেখার ফলে ধরে ফেলেছে। এবং তারপর সে পি সি সরকারের সামনে তাঁর সমস্ত ম্যাজিক নিখুঁত ভাবে করে দেখায়। যুবকের পর্যবেক্ষণ শক্তি দেখে পি সি সরকার খুব খুশি হন কিন্তু শেষে তাকে একটি উপদেশ দেন যে যদিও এ কথা ঠিক যে যুবকটি পি সি সরকারের সমস্ত ম্যাজিক ধরে ফেলেছে তবুও একটা ব্যাপারে পি সি সরকার এখনও এগিয়ে -- সেটি হলো যদি কোনো ম্যাজিক দেখানোর সময় সেটি প্ল্যান মাফিক না চলে কোনো কারণে মাঝপথে বিগড়ে যায় তাহলে দর্শকদের সামনে কি ভাবে সেই ত্রুটি ঢাকতে হবে সেটা কেবল পি সি সরকার জানেন।

Friday, April 14, 2017

লেখক: পর্ব ১৯

দু' টুকরো ঘটনা
(১)
আগের সপ্তাহে এক বন্ধুর বাড়ি গেছি। বেঙ্গালুরুতে বসবাসকারী আমার সমস্ত ব্যাচমেটদের মধ্যে সেই একমাত্র ব্যাচেলর (আমাকে ছাড়া)। এই কথাটা তাকে বলায় সে ভেতরের ঘরে গিয়ে আলমারি খুলে তার বৌভাতের নিমন্ত্রণ পত্র আমাকে উপহার দিলো। যদিও আমার খুশি হওয়ার কথা তবুও এই উপহারের মধ্যে বন্ধু বিচ্ছেদের অশনি সংকেত দেখতে পেলাম যেন।
(২)
এ বছরের appraisal-এর পর বাড়ি ফিরে বাবা মা কে বললাম এরপর থেকে আমি সরাসরি ইন্টেল ল্যাবের ডিরেক্টরের কাছে রিপোর্ট করবো। বাবা মা আশান্বিত হয়ে জিজ্ঞেস করলো এর মানে কি আমার প্রমোশন হয়েছে? আমি জানালাম: "না, আমার ম্যানেজার প্রমোশন পেয়ে ইন্টেল ল্যাবের ডিরেক্টর হয়েছেন"।