Sunday, May 7, 2017

কুসকা

ভেজ বিরিয়ানি বলে জগতে সত্যি কিছু আছে কিনা সেটা তর্কসাপেক্ষ। অনেকে মনে করেন মাংস ছাড়া বিরিয়ানি হয় না -- ভেজ বিরিয়ানি বলে যেটা মার্কেটে বিক্রি হয় সেটাকে বড়জোর পোলাও বলা যেতে পারে। এক সময় ক্যামাক স্ট্রিটে আমার নিয়মিত যাতায়াত ছিল। ওখানকার কিছু দোকানে যে কোনো বিরিয়ানি অর্ডার করলে সে সব বিরিয়ানি একই হাঁড়ি থেকে দোকানদার বের করে দিতো। লক্ষ্য করেছিলাম চিকেন বিরিয়ানি চাইলে হাঁড়ির বাঁদিক থেকে বের করে দিতো, মটন বিরিয়ানি চাইলে ডানদিক থেকে আর ভেজ বিরিয়ানি অর্ডার দিলে যে কোনো এক দিক থেকে বিরিয়ানি বের করে চিকেন বা মটনের পিসটা আবার হাঁড়িতে ফেলে দিয়ে শুধু রাইসটা পরিবেশন করতো। অর্থাৎ আমার অভিজ্ঞতা থেকে জেনেছি ভেজ বিরিয়ানি তৈরী হয় নন-ভেজ বিরিয়ানি তৈরী হওয়ার প্রণালীতেই শুধু নন-ভেজ আইটেমটা প্লেটে পড়ে না। এই কথাটা একদিন অফিসে বললে পরে বহু কলিগ আমার কথার বিরোধিতা করে। আসলে তারা সবাই সম্পূর্ণ ভেজিটেরিয়ান কিন্তু ভেজ বিরিয়ানি তারা সবাই কখনো না কখনো খেয়েছে। স্বাভাবিক ভাবেই আমার বক্তব্য তাদের পক্ষে মেনে নেওয়া অস্বস্তিকর। তবে গতকাল একটা নতুন খাবারের আইটেম দেখলাম আমার বেঙ্গালুরুর লোকাল রেস্তোরাঁয় -- কুসকা। এই আইটেমটি মেনু কার্ডে স্থান পেয়েছে ঠিক চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানির নিচেই। জিজ্ঞেস করে জানলাম কুসকা আসলে চিকেন মটনবর্জিত বিরিয়ানির রাইসকে বলে। কিন্তু যেহেতু এই রাইসটা নন-ভেজ পদগুলির সাথেই রান্না হয়েছে তাই তাকে রেস্তোরাঁর মালিক "ভেজ বিরিয়ানি" বলে আর চালায়নি।

পুনশ্চ: বন্ধু মৈনাকের কাছে জানতে পারলাম ভেজ বিরিয়ানিকে পোলাও বলাটাও ঠিক হবে না কারণ "পোলাও" শব্দটা এসেছে "পলান্ন" থেকে। "পলান্ন" অর্থাৎ "পল যুক্তু অন্ন" আর "পল" কথাটির মানে হলো "মাংস"। তাহলে কি ভেজ বিরিয়ানিকে ফ্রাইড রাইস বলাই শ্রেয়?

আরেকটা চিন্তা মাথায় এলো যে পাঠকদের হয়তো দামটা সম্বন্ধে আগ্রহ থাকতে পারে তাই দামের তালিকাটা এখানে দিলাম -- চিকেন বিরিয়ানি: ১২০, এগ (ডিম) বিরিয়ানি: ৯০, কুসকা: ৭০।

No comments: