Thursday, June 18, 2015

হিন্দু সমাজের অবক্ষয়ের পেছনে ব্রাহ্মণদের অবদান কতখানি সেই নিয়ে দুপুরে মেস সরগরম।  ব্রাহ্মণসন্তান হিসেবে আমারও কিছু বক্তব্য রাখা উচিৎ মনে করে আমি সকলের দৃষ্টি ব্রাহ্মণদের এমন একটি কৃতিত্বের প্রতি আকর্ষণ করলাম যা অন্যান্য কোনো ধর্মযাজক করে উঠতে পারেনি।
প্রত্যেক ধর্মের ভিত্তিই হচ্ছে মানুষের পাপ পুণ্যের হিসেব করা এবং সেই অনুযায়ী পুরস্কার বা শাস্তি প্রদান। তাই স্বভাবতই এই পাপ পুণ্যের যদি একটি মাপকাঠি নির্ধারণ করা যায় যাতে সহজে লঘু গুরু প্রভেদ করা সম্ভব, তাহলে সত্যিই একটি বড় জনহিতকর কার্য হয়। আপাতদৃষ্টিতে এই কার্য অসাধ্য বলে মনে হলেও আমাদের অগ্রজ ব্রাহ্মণেরা ঠিক এই কাজটাই করে দেখিয়েছেন এবং এই মাপকাঠির একক এমন একটি বস্তু যাতে কম বেশি ধার্য করা অতি সহজসাধ্য: "মূল্য"।
বাড়িতে অনুষ্ঠান নিয়মনিষ্ঠ ভাবে করতে পারছেন না? কোনো ব্যাপার না, অমুক মূল্য দিলেই চলবে। সমস্ত আচার মেনে পূর্বপুরুষের শ্রাদ্ধ্যশান্তি করার সঙ্গতি নেই? ঠিক আছে, তমুক মূল্য দিলেই সুলভে উদ্ধারের পথ বাৎলে দেওয়া যাবে'খন। কি বললেন, একেবারে পুরো টাকা জোগাড় করতে পারছেন না? ও.কে. বস, আজকালকার ইএমআই-এর যুগে এটা কোনো সমস্যাই নয় -- কিছু সহজ কিস্তিতে শোধ করে দিন পিতৃ ঋণ। দস্তুরমতো অনুষ্ঠান আয়োজন করার মতো সময় বা ইচ্ছের অভাব? কুছ পরোয়া নেহি, আপনাদের মতো busy মানুষদের কথা মাথায় রেখেই সঠিক মূল্যের প্যাকেজ রয়েছে এর সমাধান হিসেবে।
এরপর এই মূল্যের অঙ্কটা দেখে একটা বাচ্চাও পাপ পুণ্যের খতিয়ান করে দিতে পারবে।

No comments: