Tuesday, September 26, 2017

ব্যাঙ্গালুরুতে চাকরিতে জয়েন করার পর থেকে দূর্গা পুজোয় বাড়ি যাওয়া হয়নি। এই নিয়ে তিন বছর হলো। একেবারে হ্যাটট্রিক! এখানে ছুটিও দেয় মাত্র দুই দিন -- নবমী আর দশমী (যথাক্রমে আয়ুধ পূজা ও দশেরা উপলক্ষে)। এবারে তবু বাবা মা থাকাতে ভেবেছিলাম সপ্তমী অষ্টমী ছুটি নিয়ে কাছেপিঠে কোথাও ঘুরতে যাবো -- কিন্তু সে আশাতেও গুড়ে বালি। হঠাৎ একটা ডেডলাইন এসে যাওয়ায় আগামী দু'দিনও অফিস আসতে হবে। আমরা হুকুমের গোলাম, উপরওয়ালার হুকুমমাফিক না চলে উপায় নেই। তাই মেজাজটা ভীষণ খিঁচড়ে ছিলো।

এর মাঝে আমার আইআইটির রুমমেট মৈনাক দেখি ম্যাসেজ করেছে ফেসবুকে। জানতে চেয়েছে বেঙ্গালুরুতে দূর্গা পূজা হয় কিনা। কথাপ্রসঙ্গে জানিয়ে রাখি মৈনাক এখন ফ্রান্সে পোস্ট-ডক করতে ব্যস্ত। ওর ম্যাসেজ পড়ে আরেকবার অনুভব করলাম নিজের পরিস্থিতি বিন্দুমাত্র না পাল্টালেও আরেকজন আমার চেয়ে অসুখী আছে দেখলে নিজের দুঃখ খানিক লাঘব হয়।

No comments: