Sunday, May 10, 2015

আজ বিশ্ব মাতৃদিবস, সেই উপলক্ষে নিচের লেখাটি দেওয়া হোলো।
-----------------------------------

"সেসব দিনের কথা" -- মৈনাক ঠাকুর

আজকে বলি সেসব দিনের কথা,
কবিতায় তখন মিলতো নাকো ছন্দ।
আজকে বলি সেসব দিনের কথা,
বাবার যখন কারখানাটা বন্ধ।।

তখনো আমার স্বপ্ন ছিল রঙিন,
দু'হাত দিয়ে চাঁদ ধরতাম রাতে।
ইস্কুলেতে খেতাম নাকো টিফিন,
বছর পাঁচেক আলু সেদ্ধ ভাতে।।

মা বলতো: "শোন রে ওরে খোকন,
সূয্যি ডোবে, আবার সূয্যি ওঠে"।
আমি বলতাম: "মিছেই করছো গোপন,
খাবার ঘরে কিচ্ছুটি নেই মোটে"।।

পুজোর জামা? বলছি তবে শোনো,
মায়ের কাছে ভীষণ বায়না সেবার:
"একটা ধুতি নিজেই তুমি বোনো,
নতুন ধুতি পরবো আমি এবার"।।

মায়ের তখন নতুন সেলাই মেশিন,
আওয়াজ আমার এখনো কানে বাজে।
পুজোর আগে শব্দ আরো বেশি,
নিজহাতে মোরে সাজালো নতুন সাজে।।

সেসব কথা বড্ড মনে পড়ে,
তিনজনাতে লড়াই করে বাঁচা।
দেয়ালে তোদের পিঠ ঠেকেছে ওরে,
হেলান দিতে শিখতে হবে বাছা।।

No comments: