Tuesday, May 19, 2015

অনেক কথা আমরা অন্যের কাছে গোপন করি পাছে সে কথা প্রকাশ করলে লোকে আমাকে নিয়ে উপহাস করবে, এই ভেবে। কিন্তু সে সব কথা বলার পর অনেক ক্ষেত্রেই দেখা যায় গোপনীয়তার কোনো প্রয়োজনীয়তাই ছিল না কারণ শ্রোতারা নিজেরাও ভুক্তভোগী। এরকমই এক ঘটনা ঘটেছিল আমার জীবনে।
আমি কখনও কখনও স্বপ্ন দেখতাম যে আমি ওপর থেকে নিচে পড়ে যাচ্ছি আর ঠিক তারপরই কেঁপে উঠে আমার ঘুমটা ভেঙ্গে যেতো। এই কথা একবার বন্ধুদের মধ্যে বলার পর দেখি সবাই অবাক কারণ সবাই এই একই রকম স্বপ্ন দেখেছে; এই প্রসঙ্গটা উত্থাপন করায় সকলে পরস্পরের একই অভিজ্ঞতার বর্ণনা শুনে সকলেই নিশ্চিন্ত হই।
ছোটবেলার এই ঘটনাটা কিছুদিন আগে আরেক বন্ধুকে বলায় সে স্বপ্নে এই ধরণের অনুভূতির একটা সম্ভাব্য ব্যাখ্যা দিল। মানুষ সভ্য হওয়ার আগে বহুদিন arboreal life অর্থাৎ বৃক্ষবাসীর জীবন যাপন করায় গাছ থেকে পড়ে যাওয়ার ভীতিটা মানুষের মজ্জাগত হয়ে গেছে, তাই অবচেতন মনে আজও মানুষ এই শূন্যে পড়ে যাওয়ার স্বপ্নটা দেখে।
পরে ইন্টারনেটে ঘেঁটে দেখি এ ধরণের পড়ে যাওয়ার স্বপ্ন প্রায় সর্বজনীন তবে arboreal life-এর ব্যাখ্যাটা কোথাও পাইনি, কিন্তু এই ব্যাখ্যাটা একেবারে ফেলে দেওয়া যায়না বলে মনে হওয়ায় মনের কথাটা আপনাদের সাথে ভাগ করে নিলাম।

No comments: