Monday, January 2, 2017

লেখক: পর্ব ১৬

১লা জানুয়ারী, ২০১৬। বাবা মার সাথে বেঙ্গালুরুর রামকৃষ্ণ মঠে গেছিলাম। কল্পতরু দিবস উপলক্ষে দুপুরে ভোগের ব্যবস্থা হয়েছে। মেনু সামান্যই -- খিচুড়ি আর পায়েস। প্রথমে খিচুড়ি মুখে দিয়েই বাবা মার্ খুব ঝাল লেগে গেলো, আসলে ওই খিচুড়িটা হলো এখানকার "বিসিবেলে বাথ" যেটা দেখতে বাংলা দেশের খিচুড়ির মতো হলেও ঝালের পরিমানটা এতে একটু বেশি হয়। যাক, খিচুড়িটা ঝাল তো কি হয়েছে! হাতা ভর্তি করে পায়েস দিয়েছে তা দিয়েই পেট ভরে যাবে, এই ভেবে পায়েস মুখে দিতেই বাবা মা বুঝলো জিনিসটা ভীষণ টক, মিষ্টির ছিঁটে ফোঁটাও তাতে নেই। থাকবে কি করে? ওটা তো আসলে সাউথ ইন্ডিয়ার ফেভারিট ডিস্: কার্ড রাইস অর্থাৎ দই-ভাত। এদিকে আমি তো প্লেট চেটেপুটে সাফ করে দিয়েছি। তা দেখে মা বললো: "তোর এখানে ভালো খাওয়া দাওয়া জুটছে না, না রে?"

পুনশ্চ: আমার এক বন্ধু ফেসবুকে আমার এই লেখাটি পড়ে তার নিজের একটি অভিজ্ঞতা শেয়ার করে। সে নাকি বেঙ্গালুরুতে একবার কার্ড রাইসকে পায়েস ভেবে কার্ড রাইসের সাথে দুটো রুটিও কিনেছিলো।

No comments: