Monday, August 4, 2014

মিশন: পর্ব ১

এটা মিশনের স্কুলের ঘটনা। স্কুলটি সম্পূর্ণ আবাসিক হওয়ার দরুণ সমস্ত ছাত্রকে একসাথে থাকতে হয়। একদিন এক ছাত্রের কোনো কারণে দিনটি ভালো যাচ্ছিল না; সে স্নান করতে করতে হঠাৎ চেঁচিয়ে ওঠে: "ভগবান, তুমি একটা ****।" (গালাগালটা ঠিক কি ছিল, সেটা আর বিশদে লিখলাম না -- এই গল্পে সেটা গুরুত্বপূর্ণ নয়। পাঠকরা ইচ্ছে হলে নিজেদের পছন্দমতো কিছু একটা বসিয়ে নিতে পারেন।) দিনটা যে মন্দ থেকে মন্দতর দিকে মোড় নেবে সেটা এই ছাত্রের জানা ছিল না। স্নান করে বেরোতেই ঘনশ্যাম নামে এক ছাত্র তাকে কিল চড় মারতে শুরু করে দিল। নাদুসনুদুস চেহারার ঘনশ্যামকে সকলে শান্ত প্রকৃতির ছেলে বলেই জানতো, তার এহেন আচরণে সকলেই হতবাক। সম্পূর্ণ অপ্রত্যাশিত এই আক্রমণ পূর্বের ছেলেটি কোনো ভাবে প্রতিরোধ পর্যন্ত করতে পারলো  না। পরে বন্ধুদের মধ্যে এই নিয়ে বিস্তর আলোচনা, কেন ঘনশ্যাম এভাবে রিআক্ট করলো। বেশির ভাগের মত যে ঘনশ্যাম নিশ্চয় ভীষণ ধার্মিক তাই ভগবানের অপমান সে মেনে নিতে পারেনি। ঘনশ্যাম এদিকে মুখে কুলুপ এঁটে রেখেছে। অনেক পরে অবশ্য আমরা তার এই আচরণের কারণ জানতে পেরেছিলাম -- ঘনশ্যামের বাবার নাম "ভগবান"।

No comments: